নিজস্ব প্রতিবেদক:
চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা থানা প্রেসক্লাবের চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৫ আগস্ট প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে আহ্বায়ক কমিটির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় সংগঠনের পেশাগত ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় এ.টি.এম মাজহারুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে এ.টি.এম মাজহারুল ইসলামকে চান্দিনা থানা প্রেসক্লাবের সব কার্যক্রম থেকে স্থায়ীভাবে অবাঞ্ছিত ও বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, এর আগে ‘চান্দিনা উপজেলা প্রেস ক্লাব’ থেকেও এ.টি.এম মাজহারুল ইসলাম বহিষ্কৃত হন এবং পরবর্তীতে পৃথকভাবে ‘চান্দিনা থানা প্রেস ক্লাব’ গঠন করেন। তবে এসব অভিযোগ ও সিদ্ধান্তের বিষয়ে এ.টি.এম মাজহারুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।
সাত সদস্যের আহ্বায়ক কমিটি
প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনা এবং নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আনোয়ার হোসেন এবং সদস্য সচিব করা হয়েছে মোঃ ফখরুল ইসলামকে।
সদস্যরা হলেন ডাঃ ছালাম, মোঃ মোশারফ হোসেন, মোঃ জুয়েল, মোঃ বায়োজিদ হোসেন ও মোঃ সাকিব।
আহ্বায়ক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে ভোটার তালিকা নবায়ন, নির্বাচনী ফরম বিতরণ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্বাচনে অংশ নিতে সাংবাদিকদের আহ্বান
চান্দিনা থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের নির্বাচনে স্থানীয় প্রবীণ ও নবীন সাংবাদিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আহ্বায়ক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, যারা সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালনের জন্য নিজেদের যোগ্য মনে করেন, তারা নির্ধারিত প্রক্রিয়ায় নির্বাচনী ফরম সংগ্রহ করে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন গড়ার প্রত্যয়
চান্দিনার সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আদর্শিক সাংবাদিক সংগঠন গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে আহ্বায়ক কমিটি।
তাদের প্রত্যাশা, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হলে চান্দিনা থানা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও মর্যাদা রক্ষায় সংগঠনটি কার্যকর ভূমিকা রাখতে পারবে।
