ফতুল্লা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আদনান ইব্রাহিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ফতুল্লার মুসলিমনগর এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আদনান ইব্রাহিম মুসলিমনগর এলাকার মৃত আবুল বাশারের ছেলে এবং স্থানীয়ভাবে মৎস্যজীবী দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, আদনান ইব্রাহিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। বুধবার রাতে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। ভোরে সেহরি খাওয়ার জন্য পরিবারের সদস্যরা তাকে ডাকতে গেলে দরজা খুলে কক্ষের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবতাব আলী জানান, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
