স্টাফ রিপোর্টার শাফায়েত হোসেন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ও ৪৮ নম্বর ওয়ার্ডে রাস্তা কেটে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কিছু ব্যক্তি নিজেদের বিভিন্ন রাজনৈতিক ও প্রভাবশালী পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
সরেজমিন অনুসন্ধানে গণমাধ্যমকর্মীদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। অনুসন্ধানে অংশ নেন দৈনিক অপরাধসমূহ-এর সম্পাদক ও প্রকাশক এস এম সাহাবুল ইসলাম সুমন, STV-এর সিনিয়র রিপোর্টার, অনুসন্ধানী সাংবাদিক সাগর খান, দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার ও অনুসন্ধানী সাংবাদিক মোহাম্মদ সাফায়েত হোসেন এবং রাজধানী টিভির সিনিয়র রিপোর্টার সজীব আহমেদ।
অনুসন্ধানকারী সাংবাদিকদের দাবি, সিটি কর্পোরেশনের রাস্তা কেটে প্রায় ৪০০ ফুট এলাকাজুড়ে তিন ইঞ্চি পাইপ বসানোর কাজ চলছিল বলে তারা দেখতে পান। তবে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি নিজেদের বাড়ির মালিক পরিচয় দিলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
সাংবাদিকদের অভিযোগ, কিছু ব্যক্তি তাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং বিভ্রান্তিকর তথ্য প্রদান করেন। এক পর্যায়ে কয়েকজন নিজেদের সাংবাদিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচয় দিলেও পরিচয়পত্র প্রদর্শন করতে পারেননি বলে দাবি করা হয়।
এছাড়া বিবির বাগিচা ও সমাজকল্যাণ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ, মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও মানবাধিকারকর্মীরা বিষয়টির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সাংবাদিক ও সচেতন মহলের প্রত্যাশা, দক্ষিণ সিটি কর্পোরেশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
