পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপার মো. আবু সাইমের সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে পরিচিতি পর্বে অংশ নিয়ে নবাগত পুলিশ সুপার বলেন, পেশাদারিত্ব, সেবা ও সততাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পঞ্চগড়বাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। তিনি বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মো. আবু সাইম বলেন, সমাজে অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গণমাধ্যমের সহযোগিতা ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ সহজ হয়। এ কারণে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সমন্বিতভাবে কাজ করতে চায় জেলা পুলিশ।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জন এবং সেবামুখী পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নত করতে সাংবাদিকদের গঠনমূলক মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
সভায় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং গঠনমূলক পরামর্শগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার আশ্বাস প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সিফাত রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসাইনসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও অপরাধমুক্ত পঞ্চগড় গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
