বিশেষ প্রতিনিধি :-

নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে সরকার। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এ সেবার উদ্বোধন করেন। বিআরটিসি জানিয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষ এই বাস সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো—বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। এতে গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

প্রাথমিকভাবে রাজধানীর নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-জিপিও, মিরপুর-মতিঝিল এবং মোহাম্মদপুর-মতিঝিল রুটে পিংক বাস চলাচল করবে। এছাড়া গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে।

রাজধানীর বাইরে বগুড়ার শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি পিংক বাস পরিচালনা করা হবে।

বিআরটিসির আশা, এ উদ্যোগ নারীদের জন্য গণপরিবহনকে আরও নিরাপদ ও আরামদায়ক করার পাশাপাশি পরিবহন খাতে তাদের অংশগ্রহণও বাড়াবে।

সংবাদটি শেয়ার করতে নিচের আইকনে ক্লিক করুন।
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.